ইসলাম টাইমস ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভারতের সাথে স্বার্থ বিরোধী কোন চুক্তি হয়নি, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই সকল চুক্তি সম্পাদিত হয়েছে। কোনো ক্ষেত্রেই ভারতকে এক চুলও ছাড় দেয়া হয়নি। তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি অপপ্রচার চালাচ্ছে।’
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে অনেকগুলো সমঝোতা স্মারক ও চুক্তি করেছেন। প্রতিটি চুক্তি কিংবা সমঝোতা স্মারক, বাংলাদেশের স্বার্থ শুধু সংরক্ষণ নয় বরং ভারতের কাছ থেকে আমরা স্বার্থ আদায় করেছি।
মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য হচ্ছে ভারত বিরোধীতা, সেটিকেই কাজে লাগানোর চেষ্টা করছে। বিএনপির এই পুরনো ভারত বিরোধীতার যে ট্যাবলেট, এই ট্যাবলেট আর কাজ করবে না।
ফেনী নদীর পানি দেয়া নিয়ে হাছান মাহমুদ বলেন, এখনও যে তারা (ভারত) পানি নেয় না, তা নয়। এখন বরং সেটিকে একটি ফ্রেমওয়ার্কের মধ্যে আনা হয়েছে। এতদিন সেখান থেকে পানি অবৈধ উত্তোলন হতো। এগুলি সবই অর্থনীতির স্বার্থে করা হয়েছে।
তিনি বলেন, সিঙ্গাপুর সমৃদ্ধ দেশ হয়েছে, মূলত সিঙ্গাপুর বন্দরকে পৃথিবীর দেশগুলোর জন্য খুলে দেয়ার কারণে। এখন যদি ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আমাদেরকে তো রয়েলিটি দিতে হবে। তাদের জাহাজে যতগুলো পণ্য আসবে সেটার জন্য রয়েলিটি দিতে হবে।
















