ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ সভাপতিকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীতে জাতীয় শিল্পকলা অ্যাকাডেমিতে ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথী’ শীর্ষক আলোকচিত্র ও শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ অভিযোগ করেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে যখন তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তখন হত্যার পথ বেছে নেয়। আজকেও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারতো, কিন্তু রাজনৈতিকভাবে ক্রমাগতভাবে তারা পরাজিত হয়েছে। তাই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’
শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যাললের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।
















