নতুন করে শেখা হল একটি পুরনো সবক

মুহাম্মাদ আদম আলী ।।

‎বেশ কয়েকদিন সূর্যের দেখা নেই। রাতের আকাশে তারাও দেখা যাচ্ছে ‎না। কালো মেঘলা আকাশ। দিন-রাত একই অবস্থা। থেমে থেমে বৃষ্টি ‎হচ্ছে। ভারী বৃষ্টি। এ বৃষ্টিতে পথ-ঘাট সব ডুবে যাচ্ছে। উঁচু দালান থেকে ‎‎দেখলে এ বৃষ্টি হয়তো ভালোই লাগে। রাস্তায় নামলে কষ্টের সীমা থাকে ‎না। সাগরের পাড়ে চট্টগ্রাম শহর। এ শহরেই জলাবদ্ধতা বেশি। শহরের ‎রাস্তায় গাড়ির চাকা প্রায় ডুবে যায়। ‎

হযরতের সাথে চট্টগ্রামে সফরে এসেছি। সারাদিন কাফকোতে প্রোগ্রাম ‎হয়েছে। রাতে চাঁন্দগাও আবাসিক এলাকায় থাকতে হবে। এখানে ‎হযরতের একটা মকতব আছে। মকতবে থাকব। রমযানে এখানে ‎মানুষজন ছিল। এখন কেউ নেই। একজন খাদেম থাকার কথা। সেও ‎‎নেই। রাস্তার পানি পেরিয়ে ঘরে ঢুকেছি রাত এগারটায়। নিজেরাই ‎বিছানা-চাদর রেডি করে কেবল শুয়েছি। ঘুমও প্রায় চলে এসেছে। এ ‎সময় দরজার সামনে একটা মানুষের অবয়ব মনে ভয় ধরিয়ে দিল।‎

রাত সাড়ে বারটা বাজে। কারও তো আসার কথা না। সাহস করে দরজা ‎খুললাম। ‎

‘কে?’

‘আমি মাদরাসার খাদেম।’

‘এত রাতে কোথা থেকে এলে?’

‘ঢাকা থেকে।’

‘রাতে খেয়েছ?’

‘না।’

‘বাসায় তো খাবার-দাবার কিছু নেই। এখন ঘুমিয়ে থাক। সকালে দেখা ‎যাবে।’

সকাল  হলো। ফজরের নামায শেষ করেই হযরত খাদেমকে ডাকলেন। ‎রাতে সে কিছু খায়নি। এখন তাকে কিছু খাওয়াতে হবে। এত সকালে ‎‎দোকান খোলা পাওয়ার কথা না। বৃষ্টিতে বাড়ির সামনের রাস্তা ডুবে ‎আছে। পানি পেরিয়ে ভারী বৃষ্টিতে কোথায় গেলে যে কিছু খাওয়া যাবে, ‎‎কেউ জানে না। হযরত দু-জনকে দিয়ে এর মধ্যে খাদেমকে পাঠালেন। ‎আমরা কিছু বলতে চাচ্ছিলাম। হযরতের দিকে তাকিয়ে আর কিছু বলতে ‎সাহস হয়নি।‎

‎দু-জন খাদেমকে নিয়ে বেরিয়ে গেল। বাইরে বৃষ্টির শব্দ। টিনের চালে ‎বৃষ্টির ছন্দময় শব্দ হয়। দালান ঘরে বৃষ্টির শব্দ ততটা পাওয়া যায় না। ‎এখানে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। খুব জোরে বৃষ্টি হচ্ছে। বিল্ডিং এর ‎নীচতলায় মকতব। নীচতলা না হলে হয়তো বৃষ্টির শব্দ পাওয়া যেত না। ‎এ বৃষ্টিতে ছাতায় মাথাটা শুধু বাঁচানো যায়। শরীর বাঁচে না। কাপড়-‎‎চোপড় ভিজে যায়। মিনিট দশেক পরে খাদেম ভেজা কাপড়ে ফিরে ‎এলো।‎ কোনো‎ দোকান-পাট খোলা পায়নি। কিছু খেতেও পারেনি।‎

হযরত চিন্তিত। সারারাত খাদেম কিছু খায়নি। এখন নিশ্চয়ই ক্ষুধা চরম ‎পর্যায়ে ঠেকেছে। এ মুহূর্তেই তাকে কিছু খাওয়ানো দরকার। এজন্য ‎হযরত বললেন,‘আমি যদি তাকে নিয়ে যাই, তাহলে অবশ্যই তাকে কিছু ‎খাইয়ে নিতে আসতে পারব। কমান্ডার, তুমি যাও। তুমি না পারলে, আমি ‎যাব।’

আমি যাবার জন্য উঠলাম। আমার ছাতা নেই। একজনের ব্যাগে একটা ‎সুন্দর ছাতা আছে। এখনো মনে হয় সেটা ব্যবহার হয়নি। এরকম ছাতা ‎কাউকে দিতে ইচ্ছে করে না। তিনি খুব ভালো মানুষ। আমাকে সেটা ‎ব্যাগ থেকে বের করে দিলেন। আমি খাদেমকে নিয়ে রওনা হলাম।‎

বৃষ্টি কমার‎ কোনো‎ লক্ষণ নেই। প্রচণ্ড বৃষ্টি। ছাতায় বৃষ্টি মানছে না। ‎এদিক-সেদিক কাপড় ভিজে যাচ্ছে। একবার শরীর ভিজে গেলে আর ‎‎ভেজার ভয় থাকে না। মাথাটুকু বাঁচিয়ে হাঁটছি। রাস্তায় জমে থাকা ‎পানিতে হাঁটার চপ চপ শব্দ হচ্ছে। খাদেমের জন্য আমার মায়া হচ্ছে না। ‎রাগ হচ্ছে। খাদেমদের কাজই হচ্ছে মনিবদের কষ্ট দেওয়া। আমিও ‎হযরতের খাদেম। নিজের কথা মনে হতেই রাগ কমে এলো। হযরতকে ‎‎কে কবে শান্তি দিয়েছে! যারা অন্যের শান্তির জন্য দৌঁড়ান, তারা নিজের ‎শান্তির কথা  চিন্তা করেন না। ‎

খাদেমের দিকে তাকিয়ে বললাম, ‘রাতে কেন খেলে না?’

‘দোকান-পাট সব বন্ধ ছিল।’

‘বাস স্টেশনে কিছু দোকান তো খোলা থাকেই। এত রাতে বিরানী ‎খুঁজলে তো আর পাবে না। বন-কলা তো খেতে পারতে!’

‘পারিনি স্যার।’

‘এখন যদি তোমাকে কিছু খাওয়াতে না পারি, তাহলে হযরত নিজেই এই ‎বৃষ্টির ভেতর তোমাকে নিয়ে বের হবেন। তখন কেমন হবে?’

খাদেম চোখ তুলে তাকাতে পারছে না। আমার কথা শুনে সে লজ্জিত কি ‎না তাও বোঝা যাচ্ছে না। যতক্ষণ তাকে কিছু খাওয়াতে না পারছি, ‎ততক্ষণ বৃষ্টির মধ্যে হাঁটতে হবে। কিছুতেই ফিরে যাওয়া যাবে না। নীরব ‎রাস্তা। বাড়ির দেয়াল উপচে গাছের ডাল রাস্তার মাঝ বরাবর বেড়ে ‎উঠছে। সে গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে। এ শব্দে ঘুম ‎কাতুরে মানুষগুলো আরও ঘুমাচ্ছে। আজ মনে হয় কেউ সহজে দোকান-‎পাট খুলবে না।    ‎

এ এলাকাটা আমার পরিচিত। অনেক আগে পরিবার নিয়ে এখানে কিছু ‎দিন ছিলাম। কাছাকাছি একটা মসজিদ আছে। তারও পশ্চিমে একটা ‎গ্রাম। চাঁন্দগাও আবাসিক এলাকা যেমন উন্নতি হয়েছে, এ গ্রামের তেমন ‎কিছু হয়নি। মানুষজনও খুব সাদাসিধে। সেখানে সকালে কিছু দোকান ‎‎খোলা পাওয়া যেতে পারে। এজন্য সেদিকেই গেলাম। ‎

আলহামদুলিল্লাহ, কিছু একটা পেয়েছি মনে  হলো। তিন গলির মোড়ে ‎একটা ঘর। ভাঙা বেড়া আর টিনের চালের নিচে‎ কোনো‎মতে ঘরটা ‎টিকে আছে। ঘরের সামনে মানুষের ভিড়। কাছে গিয়ে দেখলাম এটা ‎একটা হোটেল। ভেতরের অবস্থা তেমন ভালো না। বিশাল একটা তন্দুরি ‎বানানোর চুলা দেখে চোখ বড় হয়ে গেল। তন্দুরির পাশেই বড় কড়াইতে ‎লুচি ভাজা হচ্ছে। টুকরীতে সেগুলো জমা করা হচ্ছে। গরম লুচির স্তুপ। ‎লাইন ধরে মানুষ কিনে নিয়ে যাচ্ছে। খাদেমকে লুচি আর ডাল খেতে ‎দিলাম। ‎

‎হোটেলে বসার ভালো কোনো‎ জায়গা নেই। দরজার পাশে একটা লম্বা ‎টুল। সেটার অর্ধেকটা বৃষ্টিতে ভিজে আছে। সেটার উপর‎ কোনো‎মতে ‎বসলাম। বসে বসে লুচি ভাজা দেখছি। ভাজা বেশিক্ষণ দেখা গেল না। ‎‎খেতে ইচ্ছে করছে। হযরত তো খাদেমকে খেতে পাঠিয়েছেন। আমাকে ‎‎খেতে বলেননি। খাবার দরকারও ছিল না। তবু চা আর লুচির অর্ডার ‎দিলাম। পকেটে টাকা থাকলে খাওয়া আটকানো যায় না। খাওয়া হয়ে ‎‎গেল। হযরত মুড়ি নিয়ে যেতে বলেছেন। হোটেলে কেউ মুড়ি বেঁচে না। ‎অদ্ভুত ব্যাপার! এই হোটেলটাতে মুড়ি আছে। একটা প্যাকেটই ছিল। ‎‎সেটা নিয়ে ফিরলাম। ‎

বাসায় একটা স্বস্তি নিয়েই ফিরলাম। খাদেমকে খাওয়ানো গেছে। মুড়িও ‎পাওয়া গেছে। একটা প্লেটে হযরতকে মুড়ি দিয়ে পাশে বসলাম। হযরত ‎এক মুঠ মুড়ি নিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ‘আদম আলী ‎মনে হয় কিছু খেয়ে এসেছে! একলা কীভাবে খায় আমাদেরকে ফেলে?’

আমি তো অবাক। কী বলব বুঝতে পারলাম না। ধরা পড়ে গেলাম। ‎আল্লাহওয়ালাদের চোখকে এড়ানো যায় না। শায়েখের খেদমতে এসে ‎মুরীদের নিজের আরাম-আয়েশের খেয়াল করতে নেই। নতুন করে শেখা হল একটা পুরাতন সবক। ‎ 

লেখক: প্রফেসর হজরত হামীদুর রহমানের খলিফা, সাবেক কমান্ডার নৌবাহিনী, সাহিত্যিক

পূর্ববর্তি সংবাদমসজিদ-মাদরাসায় হাত দিলে দেশে আগুন জ্বলবে: আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার পর থেকে তিনদিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র