ইসলাম টাইমস ডেস্ক: যতদিন দুর্নীতি থাকবে, দুর্নীতি বিরোধী অভিযান ততদিন পর্যন্ত পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার দুপুর ১২টার দিকে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
চলমান অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ অভিযান দুর্নীতির বিরুদ্ধে। সুতরাং যতদিন দুর্নীতি থাকবে, ততদিন এ অভিযান পরিচালিত হবে। প্রধানমন্ত্রী যেখানেই দুর্নীতি, অন্যায়, অবিচার দেখেছেন, সেখানেই ব্যবস্থা গ্রহণ করেছেন। দুর্নীতিবিরোধী এ অভিযানে তিনি কাউকে ছাড় দিচ্ছেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা গত টার্মে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ নির্মূল হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
















