ইসলাম টাইমস ডেস্ক: রাসূল সা.-এর অবমাননার প্রতিবাদে ভোলার তৌহিদী জনতার ব্যানারে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বেফাক।
বুধবার গণমাধ্যমে পাঠানো বেফাকের চেয়ারম্যান আল্লামা আহমদ শফি, সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী ও বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস যৌথ বিবৃতিতে এ তীব্র নিন্দা ও সমবেদনা জানানো হয়।
যৌথ বিবৃতিতে ভোলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ধর্মপ্রাণ মুসলমানদের উপর গুলিবর্ষণকারীদের শাস্তির ব্যবস্থা, আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং ভোলার এস.পি ও বোরহান উদ্দিনের ওসি-কে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন এই আলেমগণ।
















