নেতৃত্বের বিরুদ্ধে আদর্শচ্যুতির অভিযোগ, ফের ভাঙ্গছে মেননের দল

ইসলাম টাইমস ডেস্ক: রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আবারও ভাঙনের মুখে পড়তে যাচ্ছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে আদর্শচ্যুতির অভিযোগ তুলে দলটির পলিটব্যুরোর প্রবীণ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস দল ছেড়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিমল বিশ্বাস দলে ভাঙনের ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমার সোজা কথা, যে রাজনীতি উনারা করছেন, সমস্ত ঘটনার প্রতিফলনের অংশ হিসেবেই আমার এই পদত্যাগ। আদর্শিক রাজনীতি, সাংগঠনিক সমস্ত ক্ষেত্রেই আমার সঙ্গে মৌলিক যে তফাত, সে তফাতের কারণেই আমি অব্যাহতিপত্র পাঠিয়েছি। এখন দেখা যাক সামনে কী হয়।’

বিমল বিশ্বাস ছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ দলের কেন্দ্রের গত কয়েক বছরের রাজনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে লিখিতভাবে ভিন্নমতসহ অভিযোগ তুলে ধরেছেন দলটির পলিটব্যুরোর আরো দুই সদস্য নুরুল হাসান ও ইকবাল কবির জাহিদও। একই সঙ্গে বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটব্যুরোর ১১ সদস্যের মধ্যে আরো অন্তত একাধিকজন।

তবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি বলেন, আগামী ২৬ ও ২৭ অক্টোবর আমাদের দলের জাতীয় কমিটির বৈঠক রয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া আগামী ২ অক্টোবর দলের দশম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। ভিন্নমত বা অভিযোগ নিয়ে কংগ্রেসে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

১৯৯২ সালে ওয়ার্কার্স পার্টি, ইউনাইডেট কমিউনিস্ট লীগ ও সাম্যবাদী দল (আলী আব্বাস)—এই তিনটি দল নিয়ে গঠিত হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আগামী কংগ্রেসকে সামনে রেখে পার্টি তৃতীয় দফায় ভাঙনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পার্টির নেতাকর্মীরা।

পূর্ববর্তি সংবাদরাঙামাটিতে গুলি করে বিএনপি নেতাকে হত্যা
পরবর্তি সংবাদনুসরাত হত্যা মামলার রায় আগামীকাল