ইসলাম টাইমস ডেস্ক: আজারবাইজানের রাজধানী বাকুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরে ন্যাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশ্ব মুসলিম উম্মাহর বিষয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।
এর আগে আজারবাইজানের রাজধানী বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে বাকু কংগ্রেস সেন্টারে সম্মেলনটি শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন ন্যামের নতুন চেয়ারম্যান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এতে স্বাগত বক্তব্য রাখেন ন্যামের বিদায়ী চেয়ারম্যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
















