ইসলাম টাইমস ডেস্ক: সরকারি প্রতিষ্ঠানে মুসলিম নারীদের হেডস্কার্ফ (মাথায় কাপড়) পরার বিরোধিতা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর তুরস্কের সংবাদমাধ্যম ‘ডেইলি সাবাহ’র।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রিইউনিয়ন আইল্যান্ড সফরকালে মুসলিম নারীদের হেডস্কার্ফ পরিধান বিষয়ে কথা বলেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
এ সময় তিনি বলেন, একজন প্রেসিডেন্ট হিসেবে পাবলিক প্লেসে নারীদের হেডস্কার্ফ পরার বিষয়টি দেখার দায়িত্ব আমার নয়। তবে বিদ্যালয়সহ সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে হেডস্কার্ফ পরার বিষয়টি দেখার দায়িত্ব আমার। আর আমি কখনোই চাই না যে নারীরা হেডস্কার্ফ পরিধান করে এসব স্থানে চলাফেরা করুক।
সম্প্রতি ফ্রান্সের ডানপন্থি আইনপ্রণেতা জুলিয়েন ওদৌল দুই সপ্তাহ আগে পূর্বাঞ্চলীয় বেসানকনে অনুষ্ঠিত এক বৈঠকে একজন মুসলিম নারীকে তার হেডস্কার্ফ সরাতে অনুরোধ করেন। ওই মুসলিম নারীকে মৌখিকভাবে আক্রমণও করেন তিনি। এই ঘটনার পর মুসলিম নারীদের হেডস্কার্ফ পরার বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
















