ইসলাম টাইমস ডেস্ক: কোনো ধরনের ‘গুজবে’ বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কেউ গুজব ছড়াবেন না। অসৎ উদ্দেশ্যে কেউ যেন ফেসবুকে গুজব ছড়াতে না পারে; সে ব্যাপারে সবাই সজাগ থাকবেন।
আজ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ উপলক্ষে আয়োাজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গুজব প্রতিরোধে কমিউনিটি পুলিশকে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন, প্রতিদিন বাংলাদেশে কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আপনাদের সহযোগিতায় সেসব চ্যালেঞ্জ একের পর এক মোকাবিলা করা হচ্ছে। আপনারা দেখেছেন, ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কী একটি ঘটনা ঘটানো হয়েছে। আপনাদের প্রথম কাজ হবে এই মিথ্যা ও ভুল তথ্যের বিভ্রান্তি যেন তৈরি না হয় সেটা নিশ্চিত করা। ফেসবুকের প্রভাব আমরা রামুতে দেখেছি, নাসিরনগরেও দেখেছি। অতি সম্প্রতি ভোলাতেও দেখেছি। সেজন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য নিয়ে সচেতনভাবে কমিউনিটি পুলিশকে কাজ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সেজন্য আমরা সন্ত্রাস মোকাবিলা করতে পেরেছি। এখন আমরা বীরদর্পে বলতে পারি, আমরা সন্ত্রাস দমন করতে পেরেছি, মাদকও মুক্ত করতে পরবো।
















