নানক-মোজাম্মেলের উপস্থিতিতে লালমনিরহাটে আ’ লীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ১০

ইসলাম টাইমস ডেস্ক: লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই দুপক্ষের সংঘর্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।  এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

শনিবার দুপুরে মিশন মোড়ে জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের ছেলে অনন (২৩) ও গোকুন্ডা যুবলীগ নেতা তারেক (৩০) রয়েছেন।

পুলিশ ও নেতা-কর্মীরা জানায়, জেলা পরিষদ অডিটরিয়ামে বর্ধিত সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতাদের উপস্থতিতে সভা শুরুর মুহূর্তে বাইরে আধিপত্য বিস্তার ও স্লোগান দেয়া নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদভোলা হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান
পরবর্তি সংবাদকেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী