ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন কৃষক লীগের জাতীয় সম্মেলন হবে ঢাকায়। সেই সম্মেলনে যোগ দিতে আসবেন চট্টগ্রাম থেকে প্রায় ১৯০ জন নেতা-কর্মী। সেজন্যে তারা বাংলাদেশ রেলওয়েকে অনুরোধ করেছেন তাদের যেন বিনামূল্যে ৩৮০টি টিকেট দেয়া হয়।
কৃষক লীগের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির পক্ষ থেকে এ নিয়ে বাংলাদেশ রেলওয়ের কাছে একটি চিঠি দেয়া হয়েছে।
আগামী ৬ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের এই জাতীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে চট্টগ্রাম থেকে ১৯০ জন প্রতিনিধি ও পর্যবেক্ষক যোগ দেবেন।
তারা মূলত ৫ নভেম্বর ঢাকা যাবেন এবং ৬ নভেম্বর সম্মেলন শেষে রাতে চট্টগ্রামে ফিরবেন।
তাদের এই যাওয়া আসার জন্যই রেলওয়ের কাছে তূর্ণা-নিশীথা এক্সপ্রেসের চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রামের প্রথম শ্রেণীর ফ্রি টিকেট চেয়েছে সংগঠনটি।
কৃষক লীগের এমন আবেদনে অনেকটাই বিব্রত বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
তবে তারাও কৃষক লীগ নেতাদের লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের বিনামূল্যে টিকেট সরবরাহের কোন বিধান নেই। তাই তাদের ফ্রি টিকেট দেয়াও সম্ভব হয়নি।
রেলওয়ে পূর্বাঞ্চলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “কৃষক লীগের আবেদনটি আমরা পেয়েছি। রেলওয়েতে ফ্রি টিকেট দেওয়ার কোন ব্যবস্থা নেই। টিকেট পেতে হলে টাকা দিয়ে কিনতে হবে।”
রেলওয়ে সূত্রমতে, তূর্ণা নিশীথা ট্রেনের প্রথম শ্রেণীর প্রতিটি টিকেটের দাম ৭৩৫ টাকা। সেই হিসেবে ক্ষেত্রে ৩৮০টি টিকেটের দাম আসে ২ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তাকে(সিসিএম) উদ্দেশ্য করে চিঠি দেয় বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম উত্তর জেলা কমিটি।
সংগঠনটির প্যাডে সভাপতি নজরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে এই ফ্রি টিকেটের আবেদন জানানো হয়।
বিবিসি
















