ইসলাম টাইমস ডেস্ক: ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যা করা নুসরাত জাহানের মা ও বড় ভাইকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার তাঁদের এ হুমকি দেওয়া হয়।
নুসরাতের বড় ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসান গতকাল সাংবাদিকদের বলেন, জুমার নামাজের আগে একটি অপরিচিত নম্বর থেকে কল করে তাঁকে গালাগাল ও হুমকি দেওয়া হয়। এরপর থেকে তাঁরা শঙ্কায় রয়েছেন। এর আগে সকালে তাঁর মায়ের মুঠোফোনেও কল দিয়ে একইভাবে হুমকি দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ বৃহস্পতিবার নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
















