ইসলাম টাইমস ডেস্ক: ভোলার বোরহানউদ্দিনে রাসূলকে কটূক্তির প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত ৪ জনের পরিবারকে নগদ ২০ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ। তার পক্ষ থেকে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল এই অর্থ নিহতের পরিবারের কাছে তুলে দেন।
আজ বেলা ১২ টায় বোরহানউদ্দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বোরহানউদ্দিন ও দৌলতখানের সংসদ সদস্য আলী আজম মুকুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যৌক্তিক দাবিগুলো আমরা ইতিমধ্যেই ‘মেনে নিয়েছি’। তাদের ৬ দফার মধ্যে অন্যতম দাবি ছিলো নিহতের পরিবারকে আর্থিক সহয়তা। আমরা নিহত প্রত্যেক পরিবারকে তোফায়েল আহমেদের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা প্রদান করেছি এবং আহতদেরও চিকিৎসার সহয়তা চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটির প্রতিবেদন ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবেন।
















