ইসলাম টাইমস ডেস্ক: আজারবাইজানে চার দিনের সরকারি সফর শেষে রবিবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে আজ রাত ৭টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে আজারবাইজান স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটে বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি। আজারবাইজানের শিক্ষামন্ত্রী জেহুন আজিজ ওগলু বেরানভ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
১৮তম ন্যাম সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার আজারবাইজান যান শেখ হাসিনা। ১২০টি উন্নয়নশীল দেশের জোট নিরপেক্ষ ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনটি ২৫-২৬ অক্টোবর দেশটির রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হয়।
ন্যাম সম্মেলনের ফাঁকে শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহসহ ন্যামের বেশ কয়েকজন নেতার সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন।
সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
















