ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, কোনোভাবেই তার স্বাস্থ্যের অবনতি হয়নি জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক বলেন, তার পরিবারের অভিযোগ সঠিক নয়।
আজ সোমবার দুপুরে বিএসএমএমইউতে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন তিনি।
এর আগে শুক্রবার বিকালে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আমরা বিদেশে পাঠাতে চাই। তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, নিজের হাতে তুলেও খেতে পারেন না। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা দরকার। যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হচ্ছে না। সরকারের কাছে জামিনের জন্য অনুরোধ জানাচ্ছি।’
















