চট্টগ্রামে মেয়র নাছির উদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে মেয়র নাছির উদ্দিনের বিরুদ্ধে চলছে তুমুল বিক্ষোভ।  মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর স্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর নওফেলের মা হাসিনা মহিউদ্দীনকে সম্মেলনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে  করেছে নগরীর নেতাকর্মীরা।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহিউদ্দীন অনুসারী নেতাকর্মীরা।

এদিন দুপুর ২টা থেকে মহিউদ্দীন অনুসারী নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বরে এসে জমা হয়। পরে বিকাল ৩টা থেকে বিভিন্ন ওয়ার্ড, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা নেতারা বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন।

এ সময় নেতাকর্মীরা বলেন, রবিবার সম্মেলনের মঞ্চ থেকে হাসিনা মহিউদ্দীনকে নামিয়ে দেওয়ার ঘটনায় মেয়র নাছিরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এ ঘটনায় চট্টগ্রাম আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ দিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের অঘটন ঠেকাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল পৌনে ১১টার দিকে সম্মেলন মঞ্চে পৌঁছান চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। মঞ্চ থেকে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী তাকে হাতের ইশারায় মঞ্চে ডাকেন। তখন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর তাকে মঞ্চে পৌঁছে দেন। হাসিনা মহিউদ্দিন অতিথিদের দ্বিতীয় সারিতে বসেন। প্রায় ১৫ মিনিট পর সভার সঞ্চালক মেয়র আ জ ম নাছির উদ্দীন তাকে চেয়ার ছেড়ে উঠে যেতে বলেন এবং মঞ্চ থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। হাসিনা মহিউদ্দিন এরপরও বসে থাকলে মেয়র আবারও তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন তিনি মঞ্চ থেকে নেমে যান এবং সভার পুরো সময় মঞ্চের নিচে ডানপাশে একটি চেয়ারে বসে থাকেন।

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে পরিবারের বক্তব্য সঠিক নয় : বিএসএমএমইউ পরিচালক
পরবর্তি সংবাদমুফতী হাতেম সাহেব: নিভৃতচারী একজন বিরল জ্ঞান-সাধক