ইসলাম টাইমস ডেস্ক : স্বামীকে পেটানোয় বিশ্বে তৃতীয় স্থানে নাম এসেছে ভারতীয় নারীদের। যে দেশে নারী নির্যাতন সবচেয়ে বড় সমস্যা, সেখানে এই তথ্য রীতিমতো চমকপ্রদ, যা প্রকাশ হওয়া মাত্র ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
সমীক্ষা অনুযায়ী, প্রথম স্থানে আছেন মিশর, দ্বিতীয় স্থানে আছে ব্রিটেন। আশ্চর্যজনকভাবে তৃতীয় স্থান দখল করেছে ভারত। ধর্ষণ থেকে গার্হস্থ্য সমস্যায় জর্জারিত ভারতের ক্ষেত্রে এই স্থান পাওয়া বেশ অবাক করার মতোই বলে মনে করছে দেশটির গণমাধ্যমগুলো।
তবে খবরে এও বলা হয়েছে, বিয়ে, পণপ্রথার কবলে পড়ে নারীরা যেমন নির্যাতিত হচ্ছেন, তেমন পাল্টা মার দেওয়ার ঘটনাও যে বিরল নয়, সেই সত্যিই প্রকাশ করছে এই সমীক্ষা। আরও বলা হচ্ছে, নারীরা মারধরের ক্ষেত্রে মূলত বেলনচাকি-সহ রান্নাঘরের সামগ্রী, বেল্ট ও জুতোই হাতে তুলে নেন।
এই সমীক্ষা প্রকাশ হওয়া মাত্র ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নিঃশব্দে হলেও বহু পুরুষ এই সমীক্ষার সঙ্গে একমত হবেন বলে মনে করছেন অনেকে। অন্যদিকে, এই তথ্যকে ইতিবাচক হিসেবেই দেখছেন ভারতীয় নারীরা। নারী নির্যাতনের ঘটনা ঘটলেও মেয়েরা যে পড়ে পড়ে মার খাওয়ার পাত্রী নন, সে যুক্তিই তুলে ধরছেন তারা। তাদের দাবি, এ তালিকায় যত সামনে আসবে ভারত, তত কমবে নারীদের অকালমৃত্যুর ঘটনা।
















