ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিলের রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বুধবার প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় রায় ঘোষণার জন্য মামলাটি এক নম্বর ক্রমিকে রয়েছে।
এর আগে গত ১০ জুলাই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামান (সিএভি) করেন।
১০ জুলাই এটিএম আজহারুল ইসলামের পক্ষে প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আপিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তির জবাব দেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ৯ জুলাই এটিএম আজহারের খালাস চেয়ে আপিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তি উপস্থাপন শেষ করেন। তিনি গত ২, ৮ ও ৯ জুলাই রাষ্ট্রপক্ষের যুক্ত উপস্থাপন করেন। গত ২ জুলাই এটিএম আজহারুল ইসলামের পক্ষে প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। গত ১৮ জুন এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর শুনানি শুরু হয়।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৫ সালের ২৮ জানুয়ারি ১১৩ যুক্তিতে এটিএম আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৯০ পৃষ্ঠার মূল আপিলসহ ২৩৪০ পৃষ্ঠার আপিল দাখিল করেন।
















