ইসলাম টাইমস ডেস্ক: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একহালি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আবার, এক কেজি পেঁয়াজের দামে মিলছে ৫ কেজি সিদ্ধ মোটা চাল। দিন যত যাচ্ছে ভাণ্ডারিয়ায় পেঁয়াজের ঝাঁজ ততই বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় এ পণ্যটি। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে ভাণ্ডারিয়া উপজেলার দোকানগুলোতে ১৩৫-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। এতে ক্ষোভ বিরাজ করছে সাধারণ ক্রেতাদের মাঝে। দাম বৃদ্ধি পাওয়ায় কেউ কেউ ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত পেঁয়াজ ক্রয় করছেন।
আবার কেউ কেউ মাত্র এক হালি পেঁয়াজ কিনছেন। অন্যদিকে অনেক দোকানদার পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন। এতে ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাইকারি বাজারে পর্যাপ্ত পেঁয়াজ না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের।
















