ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৬ : খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাত ১২টার দিকে এ ঘোষণা দেয় কুয়েট প্রশাসন। একইসঙ্গে শনিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

এ ঘটনায় যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদল ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৫/৬ আহত হয়েছেন।

পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলিতে উত্তেজনা সৃষ্টি হয়। এরপরই অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। সেইসঙ্গে শনিবার বিকাল ৫টার মধ্যে ছাত্রদের এবং রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের সব হল খালি করার নির্দেশ দেয়া হয়।

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, রাতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা কুয়েটে অনুষ্ঠিত হওয়ার কথা, তা যথারীতি হবে।

পূর্ববর্তি সংবাদধানমণ্ডিতে দুই নারীকে গলা কেটে হত্যা : সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ
পরবর্তি সংবাদপ্রথম আলোর সাময়িকীর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট, নিহত স্কুলছাত্র