আবু দারদা ।।
চলতি বছরের ২৭ নভেম্বর বাংলাদেশে আসবেন ভারতের বিখ্যাত ও বরেণ্য দাঈ মাওলানা কালিম সিদ্দিকী। আজ সোমবার ঢাকার মান্ডা দাওয়াহ ইনস্টিটিউটের পরিচালক মুফতি যোবায়ের তার ফেইসবুক পোস্টের মাধ্যমে এই সংবাদ জানান।
মুফতি যোবায়ের জানান, বিগত বছরের মতো এবছরও এক সপ্তাহের দাওয়াতি সফরে আসবেন মাওলানা কালিম সিদ্দিকী। তিনি ২৭ নভেম্বর আসবেন এবং ৪ ডিসেম্বর চলে যাবেন। মাওলানা কালিম সিদ্দিকীর সফরসূচি জানতে একাধিকবার মুফতি যুবায়েরের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইল সংযোগ পাওয়া যায়নি।
হাজার হাজার অমুসলিম বিভিন্ন সময় মাওলানা কালিম সিদ্দিকীর আলোচনা ও মেহনতের বদৌলতে ইসলাম গ্রহণ করেন। বাবরি মসজিদ ধ্বংসের কাজে জড়িতসহ বিভিন্নভাবে মুসলমানদের ওপর নির্যাতনকারী বহু অমুসলিমও তার হাতে ইসলাম গ্রহণ করেন। এমনকি ইসলাম গ্রহণ পরবর্তী সময়ে তারা ইসলামের জন্য দাওয়াতি কাজে নিজেদের নিযুক্ত করেন।
















