তিন মাসের টানা আন্দোলনেও স্বপদে বহাল জাবি ভিসি: তার শক্তির উৎস কী?

ইসলাম টাইমস ডেস্ক: আন্দোলন চলমান থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের স্বেচ্ছায় পদত্যাগের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ উল্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুধবার বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে৷ তা না হলে শক্তি প্রয়োগ করা হবে বলে হুমকি দিয়েছে কর্তৃপক্ষ৷

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবার তার কার্যালয় ঘেরাও করা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ৷ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো এই ঘটনাকে ছাত্রলীগের গণঅভ্যুত্থান হিসেবে অভিহিত করেন উপাচার্য ফারজানা ইসলাম৷ তাকে রক্ষা করার জন্য ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন৷ এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে৷ কর্তৃপক্ষ হল ছাড়ার নির্দেশ দিলেও শিক্ষার্থীরা তা মানেনি৷

বুধবার বিকেল সাড়ে ৩টার মধ্যে আবারো হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ৷ কিন্তু শিক্ষার্থীরা তাও প্রত্যাখ্যান করে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে৷ এদিকে ক্যাম্পাস না ছাড়লে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে কর্তৃপক্ষ৷ এরইমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ ঢুকেছে৷ এর আগে ক্যাম্পাসে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা সংহতি সমাবেশ করে৷

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ মঞ্চের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘ভিসি ফারজানা ইসলাম আর তার পদে থাকতে পারেন না৷ তিনি নানা ধরনের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত৷ তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে ছাত্রলীগকে চাঁদা দিয়েছেন, তা প্রমাণিত৷ ই-টেন্ডার না ডেকে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন৷ এ নিয়ে একটি প্রতিষ্ঠান লিখিত অভিযোগও দিয়েছে৷ আর সর্বশেষ তিনি ছাত্রলীগকে দিয়ে হামলা চালিয়েছেন৷ তিনি ভিসি পদের থাকার সব নৈতিক অধিকার হারিয়েছেন৷’

আর গণিত বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘ভিসি একজন স্বীকৃত দুর্নীতিবাজ, তিনি স্বীকারও করেছেন৷ আমরা তিন মাস ধরে নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি৷ এখন আমাদের ওপর আঘাত করা হচ্ছে৷ ছাত্রলীগকে দিয়ে হামলা করানো হচ্ছে৷ শক্তি প্রয়োগ করছেন৷’

তিনি বলেন, ‘এই ধরনের একজন ভিসিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা মেনে নেবে না৷ তাকে চলেই যেতে হবে৷ আমরা তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো৷’

এদিকে ছাত্রলীগ বলছে, মঙ্গলবার তারা ভিসিকে উদ্ধারে যায়নি, গিয়েছিল তাদের দাবি দাওয়া নিয়ে৷ হামলায় নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা দাবি করেন, ‘এই আন্দোলনে শিবির ও জামায়াত জড়িত৷ আমরা তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাতে ভিসির অফিসে গিয়েছিলাম৷ সেখানে সামান্য হাতাহাতি হয়৷ আমরা ভিসি ম্যাডামকে উদ্ধার করতে যাইনি৷ তিনি যদি আমাদের প্রতি কৃতজ্ঞতা জানান সেটা তার ব্যাপার৷’

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট অবস্থান জানা যায়নি৷ তবে প্রধানমন্ত্রী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে মঙ্গলবার জানিয়েছেন সেতুমন্ত্রী ওবয়াদুল কাদের৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘ভিসি ম্যাডাম নিজেকে অনেক শক্তিশালী মনে করেন৷ তিনি নিজেকে প্রভাবশালী একজনের বান্ধবী পরিচয় দেন৷ তার প্রভাবের কারণে এই আন্দোলন চলাকালেই তিনি ঢাকায় গিয়ে শিক্ষামন্ত্রীসহ আরো কয়েকজনের সঙ্গে বৈঠক করেন৷’’

মঙ্গলবারের হামলায় আহত অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘ওনার (উপাচার্য) ক্ষমতার উৎস কী আমরাও বুঝতে পারছি না৷ উনি বলছেন রাষ্ট্রপতি না বলা পর্যন্ত পদত্যাগ করবেন না৷ হয়তো সেই পর্যন্ত তিনি যেভাবেই হোক টিকে থাকতে চাইছেন৷ রাষ্ট্র থেকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়া পর্যন্ত তিনি এগুলো করতে থাকবেন৷ মঙ্গলবার হামলা করা হয়েছে৷ এখন শক্তি প্রয়োগের হুমকি দেয়া হচ্ছে৷’

তিনি বলেন, ‘আমরা কোনো ফাঁদে পা দেব না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো৷ কোনো উস্কানি আমাদের আন্দোলন ক্ষত্রিগ্রস্ত যাতে না করতে পারে সে ব্যাপারে আমরা কৌশলী হবো৷’

প্রসঙ্গত, অধ্যাপক ফারজানা ইসলাম ২০১৪ সালের মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান৷ গত বছর তাকে দ্বিতীয় দফায় নিয়োগ দেয়া হয়৷ বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজে দুর্নীতির অভিযোগে  তার বিরুদ্ধে গত তিন মাস ধরে আন্দোলন হচ্ছে৷ এই কাজে চাঁদাবাজির ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে শোভন-গোলাম রব্বানীকে সরিয়ে দেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

ডিডব্লিউ থেকে নেওয়া

পূর্ববর্তি সংবাদথাইল্যান্ডে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইয়ালা প্রদেশে হামলা, ১৫ জন নিহত
পরবর্তি সংবাদকাযা হয়ে যাওয়া নামায কখন কীভাবে আদায় করবেন?