উপকূল জুড়ে বৃষ্টি, পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শক্তিশালী হয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে শনিবার সকাল পর্যন্ত পটুয়াখালীর উপকূল জুড়ে হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস ও কলাপাড়া রাডার স্টেশন ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে কোথাও এখনও বাতাস তেমন বইছে না। জোয়ারের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলায় বুলবুল মোকাবেলায় বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা সতর্কাবস্থানে রয়েছে। অভ্যন্তরীণ রুটে সকল ধরনের নৌ যান চলাচল বন্ধ রয়েছে। বুলবুল’র যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে জেলা প্রশাসন।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির আহমেদ জানান, পায়রা বন্দর থেকে ৩৯৫ কি.মি.দক্ষিণ-পশ্চিম থেকে এগিয়ে আসছে বুলবুল। সেখান থেকে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। বুলবুল এর প্রভাবে গত বৃহস্পতিবার রাত থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বাতাস বইছে না।

কলাপাড়া রাডার স্টেশনের উচ্চ পর্যবেক্ষক মো. ফিরোজ কিবরিয়া জানান, ঘুর্ণিঝড় বুলবুল’র প্রভাবে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাত হয়েছে।

পূর্ববর্তি সংবাদসিলেটে জামেয়া রেঙ্গা’র শতবার্ষিকী মহাসম্মেলন বাস্তবায়নে ৪৬তম ব্যাচের প্রস্তুতিসভা সম্পন্ন
পরবর্তি সংবাদমার্কিন আদালতে ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা