প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করলে কাউকে ক্ষমা করা হবে না: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ কটাক্ষ করলে জাতি কাউকে ক্ষমা করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নূর হোসেনকে নিয়ে অনেকেই কটাক্ষ করছেন। এ ধরনের কটাক্ষ করলে কাউকে ক্ষমা করা হবে না বলেও হুশিয়ারি দেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, এটা রাজনৈতিক অনুভূতিতে আঘাত করে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনও চলছে। তাদের ষড়যন্ত্র থেমে নেই।অনেকেই শেখ হাসিনা সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। এরকম বক্তব্য সহ্য করা হবে না। এরকম কটাক্ষ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে।

তিনি নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে চলবেন। দলের বিরুদ্ধে কলহ করবেন না। আমরা আদর্শের রাজনীতি করবো। আমরা বঙ্গবন্ধুর কর্মী, কেউ ব্যক্তিগত কটুক্তি করবেন না। কটুক্তিকারীকে আমরা সহ্য করবো না।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাহ হোসেন সাচ্চু প্রমুখ।

পূর্ববর্তি সংবাদট্রেন দুর্ঘটনায় যে দুই কারণকে দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা
পরবর্তি সংবাদহজ নিয়ে বক্তব্য : ধর্ম প্রতিমন্ত্রীর অপসারণে এক সপ্তাহের আল্টিমেটাম দিল তরিকত ফেডারেশন