১৯ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন

ইসলাম টাইমস ডেস্ক :  আগামী ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে গণমিছিলের কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে। শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরার অধিবেশনে এ সিদ্ধান্ত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজ একটি গুরুত্বপূণ পণ্য। যার মূল্য দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে। প্রায় দুইমাস যাবৎ পেঁয়াজের বাজারে আগুন। বাণিজ্য মন্ত্রণালয় কোন প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। প্রতিশ্রুতির নামে মিথ্যা আশ্বাসই দেয়া হচ্ছে সাধারণ জনগণকে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রীর অদূরদর্শিতা, ব্যর্থতা ও অযোগ্যতার কারণে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ভোটারবিহীন সরকারের পদত্যাগ করা উচিত। যেসব ব্যবসায়ী অস্বাভাবিক হারে পেঁয়াজের দাম বৃদ্ধির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি তা জাতি জানতে চায়।

পুরানা পল্টনস্থ আইএবি মিলায়নায়তনে ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত শুরার অধিবেশনে বক্তব্য রাখেন নগর উপদেষ্টা আলহাজ্জ আব্দুর রহমান, আলহাজ্জ আবুল কাশেম ও ডা. দেলোয়ার হোসেন, নগর সহসভাপতি আলহাজ্জ আলতাফ হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, দেশে ট্রেন দূর্ঘটনা যে হারে বৃদ্ধি পাচ্ছে তা লজ্জাস্কর। এরজন্য রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নিহতদের পরিবারকে কমপক্ষে ৫০ লক্ষ টাকা দিতে হবে এবং আহতদের কমপক্ষে ১ লক্ষ টাকাসহ রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

পূর্ববর্তি সংবাদলেবাননে নতুন প্রধানমন্ত্রী হতে পারেন মোহাম্মাদ সাফাদি
পরবর্তি সংবাদকুষ্টিয়ার ধারাবাহিক আঞ্চলিক কিতাব মেলার আজ শেষ দিন