ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতির দায়ে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ১৩ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত।
দুর্নীতির মামলায় মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ কে এম আবদুল হাকিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে ২০০৭ সালের ৪ জুলাই বিশেষ জজ আদালত এক রায়ে নাসির উদ্দিনকে ১৩ বছর ও তার ছেলেকে তিন বছরের কারাদণ্ড দেন। তারা ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক দুটি আপিল করেন।
মঙ্গলবার আইনজীবী মো. আসাদুজ্জামান আদালতে আবেদনের পক্ষে ছিলেন। আইনজীবী খুরশীদ আলম খান দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন।
অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ নাসির উদ্দিন এবং তার ছেলের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে দুদক। ওই বছরের ৪ জুলাই এ পিতা-পুত্রকে কারাদণ্ড দেন আদালত।
হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট নাসির উদ্দিনের ও ২ আগস্ট হেলাল উদ্দিনের দণ্ড বাতিলের রায় দেন। দুদক হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে আপিল আবেদন করে। আপিল বিভাগ ২০১৪ সালের ৪ জুলাই দুদকের আবেদন মঞ্জুর করে রায় দেন।
রায়ে নাসির উদ্দিন ও তার ছেলে হেলাল উদ্দিনকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। পাশাপাশি মামলাটির আপিল আবেদন পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে হাইকোর্টে ওই আপিল দুটির পুনরায় শুনানি হয়।
















