বাকি জীবন আলেমদের সম্মান ও ইসলামের খেদমত করে যেতে চাই : ধর্মপ্রতিমন্ত্রী

 ইসলাম টাইমস ডেস্ক: মানুষমাত্রই ভুল হয়। আমার ভুল হয়ে থাকলে কেউ কষ্ট পেয়ে থাকলে গভীর দুঃখ প্রকাশ করছি এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। অসম্মানের তো প্রশ্নই উঠে না, ছোটবেলা থেকে আলেম সমাজ ও ধর্মীয় মুরুব্বীদের সম্মান করা আমার অভ্যাস। বাকি জীবন আলেম-ওলামাদের সম্মান ও ইসলামের খেদমত করে যেতে চাই। এসব কথা বলেন ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

গতকাল মঙ্গলবার ১৯ নভেম্বর সন্ধ্যায় মহাখালীস্থ মসজিদে গাউছুল আযম ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কমপ্লেক্স মিলনায়তনে জমিয়াত নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, এই মতবিনিময় সভার মাধ্যমে মনে হয়, আমি যেন সারাদেশের বিপুল সংখ্যক আলেমদের সাথে কথা বলছি। ছোটবেলা থেকে আলেম সমাজ ও ধর্মীয় মুরুব্বীদের সম্মান করা আমার অভ্যাস। জীবনভর রাজনীতি করার পাশাপাশি আমি বড়দের সাথে শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেছি। মন্ত্রী হওয়ার পর আন্তরিক নিষ্ঠা ও সততার প্রমাণ দিয়েছি। কোনো দুর্নীতি কেউ দেখাতে পারবে না। ইনশাআল্লাহ সামনে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখব। আল্লাহর সন্তুষ্টি লাভ ও পরকালের সম্বল সংগ্রহ করার জন্য বাকি জীবন কাজ করতে চাই।

মাসখানেক আগে আলেমদের হজে নিয়ে যাওয়ারে প্রক্রিয়া নিয়ে ভাইরাল হওয়া  বক্তব্য প্রসঙ্গে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমার দেওয়া একটি বক্তব্যে রং লাগিয়ে একটি মহল প্রচার করেছে। অন্য জায়গার কথা এনে আরেক প্রোগ্রামের ছবিতে কৌশলে জুড়ে দিয়েছে। এখন তথ্য প্রযুক্তির অপব্যবহারে দিনকে রাত করা যায়। এরপরও আমার নিজের বক্তব্যে, ভাষা ও শব্দ প্রয়োগে অনিচ্ছাকৃত কিংবা অসাবধানতাবশত যে কোনো ত্রুটির ফলে কেউ যদি আঘাত পেয়ে থাকেন তাহলে ক্ষমা চাইতে আমার কোনো দ্বিধা নেই। আমি মন থেকে খারাপ উদ্দেশ্যে কিছু বলা বা কারো প্রতি বিদ্বেষ পোষণ করার লোক নই।

 

পূর্ববর্তি সংবাদটিকাটুলির রাজধানী মার্কেটে ভয়াবহ আগুন
পরবর্তি সংবাদহেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত