ইসলাম টাইমস ডেস্ক : খুলনায় আজ বৃহস্পতিবারও বন্ধ রয়েছে বাস চলাচল। সকালে খুলনা আন্তজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। গত কয়েক দিন বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে বগুড়া থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কপথে বৃহস্পতিবার সকাল থেকে কোনো ধরনের যান চলাচল করছে না।
দ্বিতীয় দিনের মতো সব সড়কপথে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, ট্যাংকলরি, পিকআপ ভ্যান, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
অন্যান্য দিন ভোররাত থেকে সকাল আটটার মধ্যে বগুড়া থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যায় প্রায় ৩০টি কোচ। এ ছাড়া বগুড়া হয়ে রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের সব সড়কপথে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কয়েক শ বাস চলাচল করে। কিন্তু বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সড়ক–মহাসড়কে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সব সড়কপথের বাসও।
বাসের সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে পণ্য পরিবহনের সব ধরনের ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, ট্যাংক–লরিসহ সব ধরনের যান। চলাচল করছে না মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি এমনকি সিএনজিচালিত অটোরিকশাও। এতে সাতসকালে গন্তব্যে বের হয়ে দ্বিতীয় দিনের মতো সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। যানবাহন না পেয়ে হেঁটে, রিকশা-ভ্যানে গন্তব্যে রওনা দিতে দেখা যাচ্ছে যাত্রীদের।
নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে গত সোমবার থেকে বাস চালানো বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকেরা। যদিও শ্রমিক নেতারা এটাকে ধর্মঘট বা কর্মবিরতি বলছেন না। তাঁদের ভাষ্য, নতুন সড়ক আইনে বাস ও চালকের কাগজপত্র হালনাগাদ থাকতে হবে। কিন্তু বেশির ভাগ বাস ও চালকের তা নেই। এ কারণে মালিক ও চালকেরা ভয়ে বাস চালাচ্ছেন না।
















