ইসলাম টাইমস ডেস্ক: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসিকে আবারও আক্রমণ করে বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, হায়দরাবাদ থেকে টাকার থলি নিয়ে এ রাজ্যে এসে মুসলিমদের দরদ দেখানো আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম আসলে বিজেপির সবচেয়ে বড় বন্ধু।
মমতা দাবি করেন, একমাত্র তৃণমূল কংগ্রেসই মুসলিম সহ রাজ্যের জনগণের স্বার্থরক্ষায় লড়াই করতে পারে। রাজ্যের বাইরে থেকে আসা নেতাদের যেন ভরসা না করেন রাজ্যের মুসলিম সম্প্রদায়, এমন ভাবেই সতর্ক করতে দেখা গেল তৃণমূল নেত্রীকে।
জনসভায় রাখা নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাইরে থেকে আসা নেতাদের বিশ্বাস করবেন না এবং ওরা আপনাদের (সংখ্যালঘুদের) প্রতি সহানুভূতি প্রদর্শনের চেষ্টা করবেন”। এটা মনে রাখবেন, কেবলমাত্র বাংলার নেতারাই আপনাদের স্বার্থের জন্য লড়াই করতে পারেন। যে নেতা হায়দরাবাদ থেকে এত টাকার ব্যাগ নিয়ে এসে নিজেকে মুসলমানদের প্রতি সহানুভূতিশীল হিসাবে বর্ণনা করছেন তিনি আসলে বিজেপির সবচেয়ে বড় বন্ধু”।
এর আগেও গত সোমবার এআইএমআইএম-এর প্রতি তোপ দাগেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “হিন্দুদের মধ্যে যেমন বিচ্ছিন্নতাবাদ রয়েছে, তেমনই সংখ্যালঘুদের মধ্যেও বিচ্ছিন্নতাবাদ বাড়ছে। একটি রাজনৈতিক দল রয়েছে, এবং তারা বিজেপির থেকে টাকা নিয়েছে, তারা হায়দরাবাদের দল, পশ্চিমবঙ্গের নয়”। বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কোচবিহারের একটি সভায় গিয়ে এমন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জবাবে, হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, যদি আমদের কাজ বিচ্ছিন্নতাবাদ হয়, তাহলে আমার কিছু বলার নেই। বিচ্ছিন্নতাবাদ সেটাই যে তিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে ঢুকতে দিয়েছেন, এদিকে যেহেতু রাজ্যে মুসলিমদের মধ্যে মানবতার সূচক কম, সেই কারণে, তিনি মুসলিমদের নীচু নজরে দেখছেন”।
তিনি টুইটে আরও লেখেন, যে কোনও সংখ্যালঘুদের মধ্যে বাংলার মুসলিম সম্প্রদায় মানবতার সূচকে সবচেয়ে খারাপ অবস্থায়, এটা বলা ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ সৃষ্টি করা নয়। ওয়াইসি সেখানে পোস্ট করেন, “হায়দরাবাদের দল থেকে দিদি যদি শঙ্কিত থাকেন, তাহলে তার উত্তরে আমাদের বলা উচিত. বাংলার ৪২টি আসনে কীভাবে বিজেপি ১৮টিতে জিতল”।
















