ইসলাম টাইমস ডেস্ক: অন্যায়ভাবে বিএনপির ২৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার (২২ নভেম্বর) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার কারওয়ান বাজারে এক সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমাদের নেতাকর্মীরা খুন ও গুমের শিকার হচ্ছেন। পুলিশ কাস্টডিতে মারা যাচ্ছেন। দেশে প্রতিনিয়ত অন্যায়ভাবে এগুলো হচ্ছে। যে দেশের এ অবস্থা, সেখানে নিত্যপণ্যের দাম কীভাবে নিয়ন্ত্রণে থাকবে।
আমীর খসরু বলেন, যে দলের (আওয়ামী লীগ) জনপ্রিয়তার অভাব রয়েছে, দেশের মানুষের ওপর যাদের আস্থা নেই, সুষ্ঠু নির্বাচনে যেতে যাদের ভয়, তারাই খুন ও গুম করে আর বানোয়াট মামলা দেয়।
















