ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বিবাদমান দুগ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূততরে জানা যায়, আজ সোমবার দুপুর ২ টার দিকে খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি চলছিল। কিন্তু ওই সম্মেলন শুরুর আগেই সকাল ১১ টারদিকে জেলা আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সমর্থকরা সভাস্থলের সামনের সারিতে চেয়ার দখলের চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে চরম বাক-বিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে হলুদ গেঞ্জি পরিহিত কর্মী-সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের সংঘর্ষ শুরু হয়।
এতে কমপক্ষে ১৫ জন আহত হন।
অতিরিক্ত পুলিশ সদস্যসহ পুলিশ সুপার (সদর সার্কেল) নূরানী ফেরদৌস দিশা ঘটনাস্থলে এসে টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় দুপুরে উপজেলা আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। তবে সম্মেলনের আনুষ্ঠানিকতা ও কার্যক্রম শুরু হলেও দুগ্রুপের মধ্যে বিরাজ করছিল টানটান উত্তেজনা।
















