ইসলাম টাইমস ডেস্ক: সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ বাড়ছে মন্তব্য করে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ভারত থেকে অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের স্থানীয় লোকজনকেও সতর্ক করে দেয়া হয়েছে তথ্য দেয়ার জন্য৷
মামুন খান বলেন, ‘আগের চেয়ে অনুপ্রবেশ কিছুটা বেড়েছে৷ আমার থানায় গত মাসে ৫৬ জনকে হস্তান্তর করেছে বিজিবি৷ এরা বেশির ভাগই বাগেরহাট, মোড়েলগঞ্জ, শরণখোলা ও মোংলা এলাকার বাসিন্দা বলে আমাদের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন৷ তারা ভারতের কর্নাটকের ব্যাঙ্গালুরু ও কেরালা এলাকায় বাসা বাড়িতে কাজের জন্য গিয়েছিলেন।’
সবচেয়ে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটছে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে৷ গত এক মাসে সেখান দিয়ে অনুপ্রবেশের সময় ২৬০ জনকে আটক করা হয়৷ আর অন্য সীমন্ত থেকে আটক করা হয় ২৫১ জনকে৷ এই পাঁচ শতাধিক নারী পুরুষের বিরুদ্ধে থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে৷ কারণ তারা পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ অনুপ্রবেশ করেছেন৷
বিজিবি বলছে বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করলেও জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট কোনটাই তারা দেখাতে পারছে না৷ যে কারণে তারা বাংলাদেশের নাগরিক কীনা প্রাথমিকভাবে সেটি প্রমাণ করা সম্ভব হচ্ছে না৷
















