বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন মাল্টার প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক :  মাল্টার অনুসন্ধানী নারী সাংবাদিক ডাফনে কারুয়ানা গালিজার হত্যাকাণ্ডের জের ধরে দেশজুড়ে চলা বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে আগামী ১২ জানুয়ারি মাসকট পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। খবর বিবিসির।

তবে ক্ষমতাসীন দল লেবার পার্টি তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করা পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

মাসকট তার ভাষণে বলেন, আমি মনে করি মাল্টার একটি নতুন শুরু হওয়া খুবই প্রয়োজন। সেটির জন্য আমি কেবল একটি সবুজ সংকেতই দিতে পারি।

উল্লেখ্য, ২০১৭ সালে দেশটিতে একটি গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হন অনুসন্ধানী নারী সাংবাদিক ডাফনে কারুয়ানা গালিয়াজা।

তিনি মাল্টার বিভিন্ন প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান করছিলেন। এ সময় অভিযোগ ওঠে দেশের দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার ভয়েই ব্যবসায়ীদের সঙ্গে মিলে সরকার এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।

প্রধানমন্ত্রী মাসকাটের চিফ অব স্টাফও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে শুরু হয় সরকারবিরোধী আন্দোলন।

জোসেফ মাসকাট বিপুল ভোটে জয় নিয়ে টানা দুবার দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন

পূর্ববর্তি সংবাদবিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় পরীক্ষার্থী মাদকাসক্ত কিনা টেস্ট করার প্রস্তাব
পরবর্তি সংবাদচিপসসহ শিশু খাদ্যে প্লাস্টিকের খেলনা দেয়ার উপর নিষেধাজ্ঞা বিএসটিআই-এর