ইসলাম টাইমস ডেস্ক: ‘জনগণ কী খাবে, কী খাবে না তা নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব কি সরকারের’ প্রশ্ন রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পেঁয়াজের মূল্য এখন ২২০-২৩০ টাকা। সরকার দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে মানুষকে পেঁয়াজ খেতে নিষেধ করছে। এখন চালের দাম কেজিতে ১০-১৫ টাকা এবং আটার দাম ৫-১০ টাকা বেড়েছে। তাহলে সরকার কী জনগণকে ভাত খাওয়া বাদ দিতে বলবে? ভোজ্যতেলের দাম বেড়েছে। তাহলে কি তেল খাওয়া বাদ দিতে হবে?
আজ মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের জনসভাগুলোতে প্রচার করেছেন, ‘১০ টাকা সের চাল খাওয়াব, ঘরে ঘরে চাকরি দেব।’ এখন বাজারে প্রতি কেজি চাল ৫৯-৬০ টাকা। পেঁয়াজের দাম ২২০-২৩০ টাকা। এমনকি পেঁয়াজের পাতার কেজি এখন ১০০ টাকা। গত এক বছরের হিসাবে দেখা গেছে, গত এক বছরে সবকিছুর দাম বেড়েছ ৪৩৭ গুণ।
মির্জা ফখরুল আরও বলেন, সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবির দেওয়া তথ্য অনুযায়ী ২০০৬ সালে মোটা চালের কেজি ছিল সাড়ে ১৭ টাকা, এখন তা বেড়ে ৩৪-৪০ টাকা হয়েছে। ওই সময় পেঁয়াজের কেজি ছিল ৮-২০ টাকা, এখন তা বেড়ে ২২০-২৩০ টাকা হয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ৪৮-৫৫ টাকা, এখন তা বেড়ে লিটারপ্রতি ৮০-১১০ টাকা হয়েছে। গরুর মাংসের দাম ছিল ১৪০-১৫০ টাকা । এখন প্রতি কেজি গরুর মাংস ৪৩০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। টিসিবির পণ্যমূল্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৩ বছরে জিনিসপত্রের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে চার গুণ।
















