ইসলাম টাইমস ডেস্ক: আফ্রিকার দেশ সুদানের রাজধানী খারতুমের একটি কারখানায় আগুন লেগে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটনের।
খবরে বলা হয়, সুদানের রাজধানী খার্তুমে একটি কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে অন্তত ১৫ জন নিহতের খবর নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এছাড়া এই ঘটনায় আরও কয়েক ডজন আহত হয়েছেন।
সুদানের ডক্টরস কমিটি জানিয়েছে, মঙ্গলবার ভয়াবহ আগুনে ১৫ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
















