ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার থেকে যশোরে শুরু হচ্ছে আলমী শূরার সাথীদের আঞ্চলিক জোড়। আর ৬ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক জোড়।
ইজতেমা পূর্ববর্তী জোড় এ বছর টঙ্গীর পরিবর্তে দেশের পৃথক চার স্থানে আয়োজনের সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জে ১ ডিসেম্বর সমাপ্ত হয়েছে। এদিকে কাল থেকে যশোরে এবং শুক্রবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আলমী শূরার সাথীদের আঞ্চলিক জোড়।
যশোর উপশহরে কাল থেকে শুরু হওয়া জোড়ে অংশ নিবেন যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর এবং গোপালগঞ্জ জেলার তিন চিল্লা ও সালের সাথীরা।
যশোরে প্রস্তুতিপর্ব ভালভাবেই সম্পন্ন হয়েছে বলে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে। সূত্র জানায় আজ দুপুর থেকেই মাঠে উপস্থিত হতে শুরু করেছেন অনেক মুসুল্লী।
এদিকে ৬ তারিখ শুক্রবার থেকে চট্টগ্রামের হাটহাজারী থানার চারিয়া মাঠে শুরু হতে যাওয়া জোড়-ইজতেমায় অংশ নিচ্ছেন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দারবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, বিবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, এবং সুনামগঞ্জ জেলার তাবলীগের সাথীরা।
আজ বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিতব্য জোড়ের প্রস্তুতিপর্ব পরিদর্শন করেন হাটহাজারী মাদরাসার মহা পরিচালক বিশিষ্ট মুরুব্বী আল্লামা শাহ আহমদ শফী সাহেব। পরিদর্শনকালে তিনি দেশে সর্বস্তরের মুসলমানদের দোয়া, অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেন।
এর আগে গতকাল চারিয়া জোড়-ইজতেমার মাঠ পরিদর্শন করেন হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী।
















