ভারত থেকে পালিয়ে নিজের দেশ গড়েছেন ধর্ষক এই সাধুবাবা!

ইসলাম টাইমস ডেস্ক: ধর্ষণের অভিযোগে ভারত থেকে পালানো স্বঘোষিত ধর্মগুরু স্বামী নিত্যানন্দ আলাদা একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বলে খবর বেরিয়েছে। ‘কৈলাশ’ নামের নতুন এই দেশটির নিজস্ব পতাকা, সংবিধান ও জাতীয় প্রতীক রয়েছে বলেও জানা গেছে। খবর এনডিটিভি-র।

খবরে বলা হয়েছে, নিত্যানন্দের প্রতিষ্ঠিত সার্বভৌম হিন্দু রাষ্ট্রের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদও আছে বলে কৈলাশ নামে একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে। নতুন এই দেশের মহত্তম হিন্দু রাষ্ট্রের জন্য অনুদান চাওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটির নাগরিকত্ব মিলবে বলেও উল্লেখ করা হয়েছে।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, একবছর আগে তৈরি ওয়েবসাইটটি পানামায় নিবন্ধিতে এবং যুক্তরাষ্ট্রের ডালাসে এর আইপি লোকেশন শনাক্ত হয়েছে।

ওই ওয়েবসাইটে তথাকথিত দেশটির অবস্থান সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া না হলেও এতে বলা হয়েছে, কৈলাশ একটি সীমানাবিহীন দেশ। এর নাগরিক সারা বিশ্বের বঞ্চিত হিন্দুরা, যারা নিজ দেশে খাঁটি উপায়ে হিন্দু ধর্ম পালনের অধিকার হারিয়েছেন।

তবে অসমর্থিত সূত্রে ভারতীয় আরেক গণমাধ্যম বিজনেস টুডের খবরে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দেশ ইকুয়েডরের কাছ থেকে জমি কিনে নিত্যানন্দ এ রাষ্ট্র গড়েছেন।

নিত্যানন্দ নেপাল হয়ে ইকুয়েডরে পালিয়েছিলেন বলে এর আগে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছিল।

নিত্যানন্দের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই হিন্দু রাষ্ট্রের নিজস্ব পতাকার নাম ‘ঋষভ ধ্বজা’ যাতে নিত্যানন্দের নিজের ও হিন্দু দেবতা শিবের বাহন ‘নন্দী’র ছবি রয়েছে। কৈলাশে শিক্ষা, রাজস্ব ও বাণিজ্যসহ সরকারি নানা বিভাগ আছে। সনাতন ধর্মকে পুনরুউজ্জীবিত করার জন্য রয়েছে ‘ডিপার্টমেন্ট অব এনলাইটেনড সিভিলাইজেশন’ নামের একটি আলাদা বিভাগ।

প্রসঙ্গত, স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে ভারতের কর্ণাটক রাজ্যে একটি ধর্ষণের মামলা রয়েছে। পাশাপাশি তার আহমেদাবাদের আশ্রমে শিশুদের আটকে রেখে জোর করে টাকা সংগ্রহের কাজে লাগানোর অভিযোগেও মামলা হয়েছে। অপহরণের অভিযোগে নিত্যানন্দের দুই শিষ্যকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

 

পূর্ববর্তি সংবাদকালীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
পরবর্তি সংবাদগভীর রাতে গোলাগুলি, ভোরে মিলল ২ যুবকের গুলিবিদ্ধ লাশ