ইসলাম টাইমস ডেস্ক: দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০১৮ সালের জুন থেকে দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে তালেবান। এ বছরের সেপ্টেম্বরে উভয় পক্ষের আলোচকরা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা বললেও পরে তা বাতিল করে দেন ট্রাম্প। তবে সম্প্রতি দুই পক্ষের বন্দি বিনিময়ের পর চুক্তি নিয়ে নতুন করে আশা দেখা দেয়।
সিনিয়র তালেবান কমান্ডাররা জানিয়েছেন, গত সপ্তাহে কাতারে মার্কিন আলোচকদের সঙ্গে তাদের সিরিজ বৈঠক শুরু হয়েছে।
মার্কিন মধ্যস্থতকারী জালমায় খালিজাদ আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে দেখা করতে কাবুল পৌঁছেছেন। পররাষ্ট্র দফতর জানায়, সেখান থেকে তিনি কাতারে গিয়ে তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর থেকে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। তালেবান চায়, দেশটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হোক। আর যুক্তরাষ্ট্র চায়, সেখানে তাদের সেনা ও মিত্রদের নিরাপত্তা। তবে আফগান সরকারকে মার্কিন পুতুল আখ্যায়িত করে তাদের সঙ্গে আলোচনায় বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে তালেবান।
















