ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশি সন্দেহে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ভারতের আসাম রাজ্যের সিংগিমারী জেলার সুখচর থানার শান্তিপুর গ্রামের মৃত মুনসুর ভূইয়ার ছেলে বলে জানা গেছে।
উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মণ্ডল ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার হলহলিয়া খাল পাড় হয়ে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে ফিরছিল। এ সময় জিরো লাইনে কাটাতারের পাশেই বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। এ সময় কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। দীর্ঘক্ষণ লাশ পড়ে থাকার পর সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ বিএসএফরা নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৩৫ ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম আজাদ জানান, নিহত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। বিষয়টি নিয়ে ভারতীয় বিএসএফের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।
















