চালের দাম বাড়ায় আমরা খুশি : কৃষিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: চাল উৎপাদন দেশ এখন স্বয়ংসম্পূর্ণ মন্তব্য করে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেন, চালের দাম বাড়ায় আমরা খুশি। আমরা আট মাস ধরে চাচ্ছি চালের দাম বাড়ুক। চালের দাম না বাড়লে চাষিদের উৎপাদন খরচ উঠবে কী করে?

আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ মিলনায়তনে ‘কৃষি তত্ত্ব সমিতি’- এর ১৮তম বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের সমালোচনা করে আবদুর রাজ্জাক বলেন, কৃষকরা চালের দাম পাচ্ছেন না বলে ৮ মাস ধরে সংবাদমাধ্যমে লেখালেখি হচ্ছে। পাইকাররা চালের দাম নিয়ে যাচ্ছেন। সরকার কিছু করছে না। সুশীল সমাজ প্রচণ্ডভাবে আমাদের সমালোচনা করছিল।

কৃষিমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে চাষিরা চাষাবাদ করেন। তারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করেন, সোনালি ফসল ফলাতে রক্ত পানি করেন। কিন্তু তারা ধানের সঠিক দাম পাচ্ছেন না। এ জন্য আমরা চিন্তিত ছিলাম। কয়েক দিন আগে চালের দাম চার থেকে পাঁচ টাকা বেড়েছে। সংবাদপত্রে বেশ কিছু নিউজ হয়েছে, এগুলো সরকারকে বিব্রত করে। সে প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল পেঁয়াজের মতো দাম বাড়ছে চালের।

মন্ত্রী আরও বলেন, আমাদের জমি ক্রমান্বয়ে কমছে। তাই একই জমিতে বেশি ফসল উৎপাদন করতে হবে। এ বিষয়ে আমরা অনেক সফলতা পেয়েছি। আমি দেখেছি ঈশ্বরদী, রংপুর, গোবিন্দগঞ্জের চাষিরা একই জমিতে তিন থেকে চারটি ফসল উৎপাদন করেন। তারা প্রথমে মাসকলাই, পরে আলু, রসুন, পেঁয়াজ, ফুলকপি এবং বাঁধাকপি চাষ করেন।

পূর্ববর্তি সংবাদবিচার পার্থীদের সুবিধার্থে বাংলায়ও রায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদএসএ টিভির কার্যালয়ে তালা, কর্মীদের অবস্থান