ইসলাম টাইমস ডেস্ক: বিচার পার্থীদের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি বাংলায়ও রায় লেখার বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশকে এগিয়ে নিতে নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের বিকল্প নেই বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (০৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সুপ্রিমকোর্ট আয়োজিত ‘শান্তি ও উন্নয়নের জন্য ন্যায়বিচার’ শীর্ষক দিনব্যাপী জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে বিচারকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
সবারই ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি চাই না, আমাদের মতো স্বজন হারানোর বেদনা নিয়ে বছরের পর বছর কেউ অপেক্ষা করুক। সবাই যেন ন্যায়বিচার পায়, আইনের আশ্রা পায়।’
প্রধানমন্ত্রী বলেন, শান্তি, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের তিনটি বিভাগ- নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে অবশ্যই যথাযথ সমন্বয় ও সুসম্পর্ক থাকতে হবে।
তিনি বলেন, ‘আমি সব সময়ে বিশ্বাস করি রাষ্ট্রের তিনটি বিভাগ নির্বাহী, আইন ও বিচার বিভাগ একটি রাষ্ট্রের জন্য অনিবার্য। এই বিভাগগুলো তাদের নিজেদের আইন অনুযায়ী পরিচালিত হবে। ন্যায়বিচার, শান্তি এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এই বিভাগগুলোর মধ্যে যথাযথ সমন্বয় জরুরি।’
সবারই ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিচারের রায় দ্রুততম সময়ে দেয়ায় বিচার বিভাগের ওপর জনগণের আস্থা বহুগুণ বেড়েছে। বিচার প্রার্থীদের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি বাংলায় রায় লেখার বিষয়টি বিবেচনার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।
















