বিজয় দিবস উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার সকালে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির তালিকায় রয়েছে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের দিন ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, ১৫ ডিসেম্বর বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ ও পরে শেরে বাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ, ১৭ ডিসেম্বর ঢাকায় বিজয় শোভাযাত্রা এবং বিজয় দিবসের আলোচনা সভা।

বিজয় দিবসের দিন নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করবে বিএনপি। দিবসটি উপলক্ষে তারা পোস্টারও প্রকাশ করবে।

কর্মসূচি ঘোষণার পর ফখরুল ইসলাম বলেন, আজকে স্বাধীনতার প্রায় ৪৯ বছর পরও একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাইনি। বার বার একটি মহল এবং দুর্ভাগ্যজনকভাবে এই দলটি (আওয়ামী লীগ), যারা মুক্তিযুদ্ধের সময়ে অগ্রণী ভুমিকা পালন করেছিল, তাদের হাতে বার বার গণতন্ত্র নিহত হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে তারা অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। আসুন এই বিজয়ের মাসে আমরা এই শপথ গ্রহণ করি, একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব আমরা যেকোনো মূল্যে রক্ষা করব। আমাদেরকে এজন্য ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদ সম্মেলনের আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বিএনপির রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী সোহেল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদসামনে বসাকে কেন্দ্র করে চট্টগ্রামে আ. লীগের সম্মেলনে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি
পরবর্তি সংবাদবিচার পার্থীদের সুবিধার্থে বাংলায়ও রায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর