আদালতে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট, সরকারের হস্তক্ষেপের অভিযোগ ফখরুলের

ইসলাম টাইমস ডেস্ক:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট আদালতে পাঠানো হয়েছে। তবে আদালতে পাঠানো বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্টে সরকারের হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মির্জা ফখরুল বলেন,  বিএসএমএমইউ কর্তৃপক্ষের যে রিপোর্ট দেওয়ার কথা ছিল সরকারের হস্তক্ষেপে সেই রিপোর্ট বাদ দিয়ে অন্য একটি রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এতে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করছি, বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাগারে আটকে রাখার ব্যবস্থা করছে সরকার। এতে করে উনার যে অধিকার এবং মানবাধিকার আছে সেটা চরমভাবে লঙ্ঘন হচ্ছে।

বুধবার সকালে গুলশানের লেকশোর হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গত দশ বছরে শুধুমাত্র ভিন্নমত এবং ভিন্ন রাজনৈতিক চিন্তা পোষণ করার কারণে প্রায় ৩৫ লক্ষ মানুষকে মামলার আসামি করা হয়েছে। মামলা দেয়া হয়েছে ১ লাখ ৮ হাজার ১৪টি। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত সরকার এবং আওয়ামী লীগের হাতে মারা গেছেন ১ হাজার ৫২৬ জন। গুম হয়েছেন আমাদের হিসাব মতে, বিএনপির ৪২৩ জন, সর্বমোট ৭৮১ জন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় গত ২০ মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। এসব মামলায় যারা আসামি আছেন তারা সবাই জামিন পেয়েছেন এবং জামিনে আছেন। কিন্তু দেশনেত্রীকে জামিন দেয়া হচ্ছে না। বিভিন্নভাবে সরকার তার জামিনে বাধাগ্রস্ত করছে।

পূর্ববর্তি সংবাদবিতর্কিত নাগরিকত্ব বিলকে বৈষম্যমূলক ও অসাংবিধানিক আখ্যা দিলেন ভারতের ছয় শতাধিক বিশিষ্টজন
পরবর্তি সংবাদবিতর্কিত নাগরিকত্ব বিল ভারতের ধর্ম নিরপেক্ষ অবস্থানকে দুর্বল করবে: পররাষ্ট্রমন্ত্রী