ইসলাম টাইমস ডেস্ক: ভারতের চরম সাম্প্রদায়িকতাপূর্ণ বিতর্কিত নাগরিকত্ব বিলটিকে ‘বিভাজক, বৈষম্যমূলক ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে মোদি সরকারের কাছে বিতর্কিত এই বিল প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বুকারজয়ী লেখক ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়সহ ছয় শতাধিক বিশিষ্টজন ।
এক খোলা চিঠিতে বিশিষ্টজনরা বলছেন, নাগরিকত্ব বিল-২০১৯ ভারতের যে সম্মিলিত দৃষ্টিভঙ্গি স্বাধীনতা সংগ্রামকে পথ দেখিয়েছিল তা মলিন ও অশ্রুসিক্ত করে দিয়েছে।
বিশিষ্টজনদের স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়েছে, দেশজুড়ে এনআরসির পাশাপাশি এই বিলটিও মানুষের জন্য অবর্ণনীয় ভোগান্তি বয়ে আনবে।
এটি ভারতের গণতান্ত্রিক বৈশিষ্ট্যের জন্য ভয়াবহ ও অপূরণীয় ক্ষতির কারণ হবে। এ জন্য আমরা এই বিল প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা সরকারকে বলছি– সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে।
বিতর্কিত ওই বিলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে শরণার্থী হয়ে ভারতে যাওয়া কেবল অমুসলিমদের (হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টান) নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।
সোমবার মধ্যরাতে ৩১১-৮০ ভোটে লোকসভার অনুমোদন পায় ‘দ্য সিটিজেনশিপ (অ্যামেন্টমেন্ট) বিল, ২০১৯’ শীর্ষক বিতর্কিত বিল।
বুধবার এটি রাজ্যসভায় উত্থাপন করা হচ্ছে। কেবল অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে লোকসভায় এটি উত্থাপন করে ক্ষমতাসীন বিজেপি সরকার। খবর বিবিসির।
















