পশ্চিমবঙ্গে এনআরসি-সিএবি করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে : মমতা

ইসলাম টাইমস ডেস্ক: আমি যতদিন পশ্চিমবঙ্গে আছি এনআরসি-সিএবি করতে দেওয়া হবে না। বাংলায় এনআরসি-সিএবি করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে।

ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে কলকাতার রাস্তায় বিক্ষোভ মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে এই আইনের বিরোধ থাকার কথা উল্লেখ করে তিনি বলেছেন, আমরা ধর্মের ভিত্তিতে বিভক্তি মানি না। বাংলায় এনআরসি করতে দেবো না।

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া মুসলিম ভিন্ন ছয় ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিধান রেখে পাস হওয়া আইনের বিরুদ্ধে রোববার মধ্যরাতে সারা ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তার আগে দুই দিন ব্যাপক সহিংস বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গজুড়ে। বিক্ষিপ্তভাবে চলা এই আন্দোলনের নেতৃত্ব নিলেন এবার মমতা নিজেই।

দেশটির গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়, ভারতের সংবিধানের প্রণেতা ভীমরাও রামজি আম্বেডকরের মূর্তির পাদদেশ থেকে বিশাল এই মিছিল শুরু হয়ে কলকাতার রাজপথ ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ দেন মমতা।

 

পূর্ববর্তি সংবাদআমরা এখন দেশের অর্থনীতির সবচেয়ে সুন্দর সময় পার করছি : অর্থমন্ত্রী
পরবর্তি সংবাদ‘ভারতের কত চমৎকার আইন! আমাদের জরিমানা ২১ হাজার আর নিতাই দাদাদের ১০০ টাকা’