ইসলাম টাইমস ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুইচৌ প্রদেশে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরের এ ঘটনায় অন্তত ১৪ শ্রমিক নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুইচৌ প্রদেশটির এনলং কাউন্টির গুয়াংলং কয়লাখনিতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র বলেন, প্রতিদিনের মতো শ্রমিকরা কাজে যোগ দিলে হঠাৎ খনিতে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় সেখানে অন্তত ২৩ শ্রমিক কর্মরত অবস্থায় ছিলেন।
তিনি আরও বলেন, দমকল বাহিনীর সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৪টি লাশ উদ্ধার করেন। তাছাড়া এখন পর্যন্ত সাতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের মতে, ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান অব্যাহত আছে। এছাড়া বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তকাজ শুরু হয়েছে।
















