ইসলাম টাইমস ডেস্ক: বিতর্কিত নতুন আইনের আওতায় হিন্দুদের নাগরিকত্ব দেয়ার যে প্রস্তাব দিয়েছে ভারত, তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুরা। একই সঙ্গে ধর্মের ভিত্তিতে তৈরি ভারতের সংশোধিত নতুন নাগরিকত্ব আইনের নিন্দা জানিয়েছেন তারা। খবর আনাদলু এজেন্সি।
পাকিস্তান হিন্দু পরিষদের নেতা রাজা আসান মঙ্গলানি বলেছেন, সাম্প্রদায়িকভাবে ভারতকে বিভক্ত করার এই বিল পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাকিস্তানের সমগ্র হিন্দু সম্প্রদায়ের সর্বসম্মত একটি বার্তা। একজন সত্যবাদী হিন্দু কখনও এই আইনকে সমর্থন করবে না।
বিতর্কিত এই নাগরিকত্ব আইনের ভারতের সংবিধান লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের খ্রিষ্টান ধর্মীয় সদস্য আনওয়ার লাল দীন বলেন, এই আইনের উদ্দেশ্য হলো, এক সম্প্রদায়ের সঙ্গে আরেক সম্প্রদায়ের ফাটল তৈরি করা।
পাকিস্তান পিপলস পার্টির এই নেতা আরও বলেন, এটা মৌলিক মানবাধিকারের পরিষ্কার লঙ্ঘন। আমরা মোটাদাগে এটা প্রত্যাখ্যান করছি। অনৈতিক এবং অপ্রয়োজনীয় এই পদক্ষেপের মাধ্যমে মোদির সরকার এক সম্প্রদায়ের সঙ্গে আরেক সম্প্রদায়ের সংঘাত তৈরি করছে। পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের নেতারাও ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাখ্যান করেছে।
প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে নিপীড়ত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার সুবিধা সংবলিত আইন পাশ করে ভারত। এসব দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পার্সি ও জৈন সম্প্রদার অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হলেও তাতে মুসলিমদের কথা উল্লেখ নেই। যার কারণে ভারতজুড়ে বিক্ষোভ চলছে।
















