ভারত তোলপাড় করা নির্ভয়া ধর্ষণ ঘটনা: ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট

ইসলাম টাইমস ডেস্ক: ভারতজুড়ে তোলপাড় বয়ে গিয়েছিল নির্ভয়ার নির্মম ধর্ষণ ও করুণ মৃত্যুর ঘটনায়। ‘আমানত’ ছদ্মনাম দিয়ে সংবাদ প্রচার ও আন্দোলন চলছিল তাকে নিয়ে। সেই নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমার সিংহের ফাঁসি রদের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ২০১৭-র রায়ই ঠিক ছিল। এ নিয়ে নতুন করে ভাবনা-চিন্তার কিছু নেই। তাঁর কাছে নতুন তথ্য রয়েছে, সেগুলি নতুন করে খতিয়ে দেখা উচিত বলে এ দিন আদালতে দাবি করেন অক্ষয়ের আইনজীবী এপি সিংহ। কিন্তু তাঁর সেই দাবি খারিজ করে দেয় তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। বলা হয়, এই তথ্য নিয়ে আগেও আলোচনা হয়েছে। সাজা পুনর্বিবেচনা কখনও মামলার নতুন করে শুনানি হতে পারে না।

দীর্ঘ সাত বছর লড়াইয়ের পর আজকের রায়ে কিছুটা স্বস্তিতে নির্ভয়ার পরিবার। আদালত থেকে বেরিয়ে তাঁর মা আশাদেবী বলেন, ‘‘আদালতের রায়ে খুশি হয়েছি আমি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পথে আরও একধাপ এগোলাম।’’ তবে নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিংহ জানান, বলেন, ‘‘সাজা পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে আদালত। কিন্তু পাটিয়ালা হাউস কোর্ট ফাঁসি কার্যকর করার আদেশ না দেওয়া পর্যন্ত পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না আমরা।’’

তবে আদালতে আর্জি খারিজ হয়ে গেলেও, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারে অক্ষয়। তার জন্য আদালতে তিন সপ্তাহের সময় চান তার আইনজীবী এপি সিংহ। কিন্তু তাতে আপত্তি তোলেন সলিশিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, আবেদন খারিজ হয়ে যাওয়ার ৭ দিনের মধ্যে প্রাণভিক্ষার আর্জি জানানোই দস্তুর। তাতে সায় দেয় আদালত। ওই নির্ধারিত সময়ের মধ্যেই প্রাণভিক্ষার আবেদন জানাতে হবে বলে জানিয়ে দেওয়া হয়।

সূত্র: আনন্দবাজার

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে বোমা বিস্ফোরণে একই পরিবারের ১০ জন নিহত
পরবর্তি সংবাদপাকিস্তানি হিন্দুরা প্রত্যাখ্যান করলো ভারতের নাগরিকত্বের প্রস্তাব