রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৩০

ইসলাম টাইমস ডেস্ক: রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গান্দিমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম ফরমান আলী মণ্ডল (৭০)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিয়ালদহ ইউনিয়নের মাঝগ্রামের বাসিন্দা। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলী জোয়াদ্দার বলেন, খবর পেয়ে তাঁদের তিনটি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। ঘটনাস্থলে দুজন মারা গেছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার বলেন, এখন পর্যন্ত এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজনের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। নিহত অপর তিন জনের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগে, একজন হাসপাতালে ও অপরজন ফরিদপুরে নেওয়ার পথে মারা গেছেন। গুরুতর আহতের মধ্যে অন্তত ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদঅনুপ্রবেশ, চোরাচালান, মানবপাচার বন্ধ করুন: বিজিবিকে প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদভারতে স্কুলে শিশুদের শেখানো হচ্ছে, মসজিদ কীভাবে ভাঙ্গতে হয় (ভিডিও)