ইসলাম টাইমস ডেস্ক: সারা দেশে শীত বাড়ছে। তাপমাত্রা কমতে শুরু করেছে। আরও দুদিন তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।
দেশের বিভিন্ন জেলায় সামান্য ভিন্নতা থাকলেও তাপমাত্রা কমার খবর পাওয়া গেছে। আরও দু-তিন দিন তাপমাত্রা কমা অব্যাহত থাকবে। এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। তবে ঢাকায় তাপমাত্রা এই পরিমাণ কমার কোনো সম্ভাবনা নেই। মূলত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, যশোর, চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমতে থাকবে।
জানা যায়, সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ থেকে নেমে আজ ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ময়মনসিংহে ১৪ দশমিক ৬ থেকে কমে ১৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৪ দশমিক ৩ থেকে কমে ১১ দশমিক ৪, খুলনায় ১৭ দশমিক ৪ থেকে কমে ১৫, বরিশালে ১৫ থেকে নেমে আজ তাপমাত্রা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের মতো আজও ১৩ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।
দিনাজপুরে আজ বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। একই সঙ্গে বইছে মৃদু বাতাস। গতকালও সেখানে সূর্যের তেজ ততটা ছিল না।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়ায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। এতে দরিদ্র মানুষেরা কষ্ট পাচ্ছেন বেশি।
স্থানীয় লোকজন জানান, এসব শীত কবলিত এলাকায় দরিদ্র মানুষদের মাঝে সরকারি-বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণের জরুরি উদ্যোগ গ্রহণ করা দরকার।
















